ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন রুস্তেম উমেরভ। তিনি ক্রিমিয়ার তাতার মুসলিম সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। ইতোমধ্যে তিনি রাশিয়ার সঙ্গে বিভিন্ন আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তার সম্পর্কে বলা হয়েছে, উমেরভ জন্মগ্রহণ করেছিলেন সোভিয়েত উজবেকিস্তানে। স্ট্যালিনের শাসনামলে তার পরিবারকে সেখানে নির্বাসনে পাঠানো হয়েছিল। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে শৈশবে তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।
৪১ বছর বয়সী এই মুসলিম নেতা ২০০৪ সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি ক্রিমিয়া প্ল্যাটফর্মের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্ল্যাটফর্মটি হলো ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের সঙ্গে পুনরায় একত্রিত করতে একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা।
উমেরভ ক্রিমিয়ার তাতারদের নেতা মুস্তাফা জেমিলেভের উপদেষ্টা হিসেবে অনেক বছর কাজ করেছেন।
ক্রিমিয়া দখলের পর রাশিয়ার সঙ্গে একীভুত হওয়ার ইস্যুতে একটি গণভোটের আয়োজন করে মস্কো। ক্রিমিয়ার দুই মিলিয়ন বাসিন্দার ১২-১৫ শতাংশ তাতার সম্প্রদায় এই গণভোট বয়কট করেছিল।
এরপর মস্কো তাতার মুসলিম সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী সমাবেশ মেজলিসকে একটি চরমপন্থি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়ে এই সম্প্রদায়ের সদস্যদের কারাগারে বন্দি করে।
উমেরভ গত বছর জর্ডানের নিউজ সাইট আম্মাননেটকে এক সাক্ষাৎকারে বলেছেন, “রাশিয়ার প্রচারকারীরা আমাদের দেশের ভূখণ্ডে তাদের সামরিক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনীয়দের জাতিগতভাবে বিভক্ত করার আখ্যান উদ্ভাবন করেছে। আমরা আমাদের জাতিসত্তা বা ধর্ম সম্পর্কে (ইউক্রেনে) কোনও অরাজকতা বা ইসলামবিদ্বেষ অনুভব করি না।
ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুরু হওয়ার পরে উমেরভ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে পর্দার আড়ালে আলোচনায় অংশ নিয়েছেন। এসব আলোচনার ফলাফল হিসেবে বন্দি বিনিময় এবং বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
উমেরভ যুদ্ধের প্রথম সপ্তাহে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের জন্য একটি রফতানি করিডোর প্রতিষ্ঠার আলোচনায় অংশ নিয়েছিলেন। রাশিয়া চলতি বছরের জুলাই মাসে শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে তাকে রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান মনোনীত করা হয়েছিল। ইউক্রেনে এই দায়িত্বটি পালন কঠিন। বিশেষ করে বেসরকারীকরণের প্রক্রিয়া দুর্নীতিতে জর্জরিত বলে অভিযোগ রয়েছে।
রবিবার প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে সরানোর ঘোষণা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহ উমেরভকে মন্ত্রী হিসেবে মনোনীত করতে ভোট দেওয়ার জন্য এমপিদের আহ্বান করা হবে। পার্লামেন্ট এই ব্যক্তিকে ভালোভাবে জানে এবং উমেরভের কোনও অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন নেই।









