রাশিয়ার তিনটি বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (২২ ডিসেম্বর) এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
শুক্রবার দক্ষিণ ফ্রন্টে ইউক্রেনের ফাইটার বাহিনী তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার বোমারু বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। একে দেশটিতে টানা ২২ মাস ধরে চলা এই যুদ্ধে সাফল্য হিসাবে স্বাগত জানিয়েছে ইউক্রেন।
এ ঘটনায় এখনও কোন মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী।
তবে ক্ষতি স্বীকার করেছেন রাশিয়ান ব্লগাররা। বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে।
স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক এক টেলিগ্রাম মেসেজে লিখেছেন, ‘আজ দুপুরে দক্ষিণ সেক্টরে- তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার বোমা ধ্বংস!’
জাতীয় টেলিভিশনে এই ঘটনাকে একটি ‘অসাধরণভাবে পরিকল্পিত অপারেশন’ বলে বর্ণনা করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত।
রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি খেরসন অঞ্চলে বিমানগুলোকে ভূপাতিত করার জন্য ওডেসা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেছেন।









