রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। রাশিয়ার আঞ্চলিক সরকার বলছে, ওই ২০ জনের মধ্যে তিনজন শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বেলগোরাদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলনে, ইউক্রেন সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে বেলগোরোদে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সরাসরি আবাসিক অঞ্চলে হামলা করেছে।
ইউক্রেনের বিমান হামলা থেকে বাচার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে হবে।
ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র হামলায় হুঁশিয়ারি জারি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে এর শাস্তি ভোগ করতে হবে। ইতোমধ্যে ইউক্রেনের ১৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রুশ বিমান বিধ্বংসী ইউনিট। শুধু তাই না, ৩২টি ড্রোনও ধ্বংস করেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা করেছে ইউক্রেনী বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৬৭৫ দিনের মধ্যে এটিই সবচেয়ে বড় আক্রমণ ছিল। এই হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।








