রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাবে ইউক্রেনের ফের ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে রাশিয়া ইউক্রেনে প্রতিশোধমূলক হামলা করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় বিমানবাহিনী রবিবার জানিয়েছে, রাশিয়ার আক্রমণ করা ৪৯টি ড্রোনের মধ্যে ২১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় ২৮ জন আহত হয়েছেন।
এই হামলায় এখন পর্যন্ত নিহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ওলেহ বলেন, একটি কেন্দ্রীয় হোটেল, আবাসিক ভবন, কিন্ডারগার্টেন, দোকান এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলা করেছে রুশ বাহিনী।
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সেই হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ১০৮ জন। এই হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে এর ফল ভোগ করতে হবে।









