ইউক্রেনে সোমবার (৮ জানুয়ারি) ভোরে ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় ইউক্রেনের অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন। সেখানে ব্যাপকহারে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
ক্রিভি রিহ-এর মেয়র ওলেক্সান্ডার ভিলকুল বলেছেন, সেখানে ৬২ বছর বয়সী একজন নিহত হয়েছেন। দক্ষিণ কেন্দ্রীয় শহরে নয়টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ফলে সেখানকার একটি শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ‘পাগলা শত্রু আবারও বেসামরিকদের ওপর হামলা করেছে। মানুষের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’
এ হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র এবং আকাশ পথে ইউক্রেনের সামরিক-শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা।
প্রতিদিনের আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিঞ্জাল হাইপারসনিক মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে।’
এদিকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া ছোঁড়া ৫১টির মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবহিনী।
দেশটির টেলিভিশনে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন।
রাশিয়ার উৎক্ষেপণ করা আটটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের শৈতপ্রবাহের মধ্যেই এই হামলাগুলো হয়েছে। ভিলকুল জানিয়েছেন, প্রচন্ড শীতের কারণে অঞ্চলটির ১৫ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন ছিল এবং স্থানীয় ট্রাম এবং ট্রলিবাস চলাচলও বন্ধ রেখেছিল কর্র্তপক্ষ।
খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, অঞ্চলটির পূর্বের একটি শহরে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়েছে রাশিয়া। এতে একটি শিল্প সাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, খারকিভের দক্ষিণে একটি শহরে রাশিয়া হামলায় ৬৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
গভর্নর ইউরি মালাশকো বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন আহত হয়েছেন।









