ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ বেসামরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। হামলায় বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খারকিভের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে ২১ বছর বয়সী এক নারীর মৃতদেহ পাওয়ার পর শহরটিতে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। শতাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, হামলায় ৫৭ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।
কিয়েভে অন্তত তিনটি জেলাজুড়ে হামলায় চার শিশুসহ ২২ জন আহতের কথা জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। সংস্থাটি বলেছে, কিয়েভে অ্যাপার্টমেন্ট ভবন, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের স্থানীয় আবাসিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের অফিসের পাশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কিয়েভ এবং খারকিভে হামলার বিষয়ে ক্রেমলিন বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, তারা বেসামরিকদের নিশানা করে না।
মঙ্গলবারের হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পাভলোহরাদেও একজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। জ্বালানি কর্তৃপক্ষের মতে, হামলায় খারকিভের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে বিভিন্ন সময় রণক্ষেত্র থেকে দূরে ইউক্রেনীয় শহর ও বেসামরিক অবকাঠামোতে নিয়মিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া বিভিন্ন ধরনের ৪১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি তারা ধ্বংস করেছে। কিয়েভের আকাশে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের এক মুখপাত্র।
ইউক্রেনীয় জেনারেল সের্হি নাইয়েভ একটি ভিডিও পোস্টে বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি মেশিনগান দিয়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।








