রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, সোমবার লুহানস্ক অঞ্চলের আকাশে রাশিয়ার একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
ইউক্রেনে প্রায় দুই বছরের যুদ্ধে রুশ সেনাবাহিনী ৩৩২টি উড়োজাহাজ হারিয়েছে। আগের দিন, সোমবার রাশিয়া ১০টি ট্যাংক, ২৯টি সাঁজোয়া যান ও ৩১টি কামান ব্যবস্থা হারিয়েছে।
রুশ যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টে বলেছে, দারুণ কাজ, যোদ্ধারা।
ইউক্রেন একাধিকবার রাশিয়ার এসইউ-৩৪এস যুদ্ধবিমানকে নিশানা করেছে। এগুলো ইউক্রেনীয় অবস্থানে বোমাবর্ষণে ব্যবহৃত মস্কোর অত্যাধুনিক সুপারসনিক যুদ্ধবিমান।
চলতি মাসের শুরুতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছিল, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর চেলিয়াবিনস্কতে একটি রুশ এসইউ-৩৪ ধ্বংস করা হয়েছে।
এর আগে ডিসেম্বরের শেষ দিকে ইউক্রেন খেরসন অঞ্চলে এক দিনে তিনটি এসইউ-৩৪এস ভূপাতিত করার দাবি করেছিল। এছাড়া বড় দিনের সময় রাশিয়ার একটি এসইউ-৩০ ও এসইউ-৩৪ ভূপাতিত করার কথা জানিয়েছিল ইউক্রেন।
ন্যাটো এই যুদ্ধবিমানের নাম দিয়েছে ফুলব্যাক। এটি রাশিয়ার শীর্ষ ও রণক্ষেত্রে ব্যবহারযোগ্য বোমারু বিমান। এটি লেজার গাইডেড বোমা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে অত্যাধুনিক রাডার রয়েছে। এটিকে অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা যায়।
এটি রাশিয়ার সেনাবাহিনীর সবচেয়ে দামি উড়োজাহাজ। একটি এসইউ-৩৪ তৈরিতে ব্যয় হয় প্রায় ৩৬ মিলিয়ন ডলার।









