রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা ইউক্রেনের জনগণ স্বীকৃত এবং নির্ধারিত। শুক্রবার (৭ জুন) প্যারিসে এক সংবাদ সম্মেলনে তার বৈধতার নিয়ে পুতিনের করা মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে এই কথা বলেন জেলেনস্কি। এসময় পুতিনের বৈধতা নিয়েও সমালোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছর মেয়াদ মে মাসে পূর্ণ হয়েছে। গত বসন্তে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পুতিন বেশ কয়েকবার দাবি করেছেন, মে মাসে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কি অবৈধ।
রুশ প্রেসিডেন্টর এমন দাবির সমালোচনা করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির বৈধতা ইউক্রেনের জনগণ স্বীকৃত…আমাদের জনগণ স্বাধীন। পুতিনের বৈধতা শুধু কমরেড পুতিন স্বীকৃত।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া, যা এখনও অব্যাহত রয়েছে। ইউক্রেন প্রবর্তিত সামরিক আইনে যেকোনও যুদ্ধকালীন নির্বাচন নিষিদ্ধ। সংবিধানে বলা হয়েছে, একজন নবনির্বাচিত ব্যক্তি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে পশ্চিমা নেতারা কোনও প্রশ্ন তোলেননি। সমাজবিজ্ঞানীরা বলেছেন, এ বিষয়ে ইউক্রেনীয়রা একমত যে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জেলেনস্কির পদে থাকা উচিত।








