৭০০ মিলিয়ন ডলারের স্টিংগার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছে ন্যাটো। বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের নামে এই অর্ডার দিয়েছে জোটটি। মঙ্গলবার (৯ জুলাই) ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষা শিল্পের নেতাদের সঙ্গে এক সমাবেশে স্টলটেনবার্গ বলেন, ‘আজই ন্যাটো প্রকিউরমেন্ট এজেন্সি (এনএসপিএ) প্রায় ৭০০ মিলিয়ন ডলারের স্টিংগার ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহুজাতিক চুক্তি স্বাক্ষর করেছে।’
এর আগে ২০২২ সালের মে মাসে সর্বশেষ স্টিংগার ক্ষেপণাস্ত্রের জন্য একটি চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনকারী আরটিএক্স করপোরেশনের রেথিয়ন ডিভিশন। তখন ইউক্রেনের জন্য ৬২৫ মিলিয়ন ডলারের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চুক্তি করে মার্কিন সেনাবাহিনী৷
কাঁধে বহন করে চালাতে হয় এই স্টিংগার ক্ষেপণাস্ত্র। ইউক্রেনে এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনারা সফলভাবে আকাশপথে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে।
প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোও আশঙ্কা করছে, তাদের রুশ বাহিনীকে পরাজিত করার জন্য এটির প্রয়োজন হতে পারে।
আরটিএক্স-এর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, স্টিংগারের জন্য ন্যাটোর এই অর্ডার সরবরাহ করতে ২০২৯ সাল পর্যন্ত এর উৎপাদন অব্যাহত থাকবে।








