ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ান সীমান্তের মধ্যবর্তী দুটি অঞ্চলের জ্বালানি খাতে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৬ জুলাই) জাতীয় পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছেন, রাতভর চালানো হামলায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
একটি অঞ্চলের গভর্নর চেরনিহিভ জাতীয় টেলিভিশনকে জানিয়েছেন, নিঝিন শহরে হামলার সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো এবং একটি ছাত্রাবাস।
ইউক্রেনারগো আরও বলেছেন, জাইটোমির এবং কিয়েভ অঞ্চলের নির্দিষ্ট জেলায় ৬৮ হাজার এরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই বসন্তের পর থেকে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সবশেষ হামলায় সকালে অন্তত ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন হয়েছেন।
তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা রাতভর ২২ টি রুশ আক্রমণকারী ড্রোনের মধ্যে ২০ টিকেই ধ্বংস করেছে। বেশিরভাগ ড্রোনগুলোকে দক্ষিণ খেরসন এবং উত্তর-পূর্ব সুমি অঞ্চলে ও উত্তরের দুটি এলাকায় ভূপাতিত করা হয়েছে। তবে খেরসনের ওপর রুশ হামলায় ছয়টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া গত কয়েক মাস ধরেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ করছে। এর ফলে অনেক অঞ্চল অন্ধকারে ডুবে আছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বড় আকারের বিদ্যুৎ আমদানি শুরু করতে বাধ্য হচ্ছে কিয়েভ।








