যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অনুপ্রবেশের জবাবে পরিকল্পনা প্রণয়ন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২২ আগস্ট) শেষ রাতের দিকে রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আন্তনভ বলেছেন, আমি বলতে পারি প্রেসিডেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কুরস্কে যা ঘটেছে সে জন্য জড়িত সবাইকে শাস্তি পেতে হবে।
বৃহস্পতিবার সীমান্ত অঞ্চলের গভর্নরসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে। বৈঠকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ইউক্রেনীয় আক্রমণ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটিই বৃহত্তম হামলার ঘটনা।
অনুপ্রবেশের জবাবে পুতিন কেমন পরিকল্পনা করেছেন তা সম্পর্কে বিস্তারিত জানাননি রুশ রাষ্ট্রদূত।
২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তনভ। অপর এক রুশ বার্তা সংস্থা আরআইএ-তে প্রকাশিত প্রতিবেদনে তার একটি সতর্কবার্তা প্রকাশিত হয়েছে। এতে তিনি আশঙ্কা করেছেন, এক পর্যায়ে যুক্তরাষ্ট্র মার্কিন অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলায় বিধিনিষেধ প্রত্যাহার করতে পারে।
২০২২ সালের পর থেকে ইউক্রেনকে ৫৫ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেওয়া হয়নি। সম্প্রতি রাশিয়ার সীমান্ত অঞ্চলে হামলায় অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি কিয়েভ স্বীকার করেছে, কুরস্কে মার্কিন নির্মিত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ব্যবহৃত মার্কিন অস্ত্রের মধ্যে রয়েছে গ্লাইড বোমা ও হিমার্স রকেট ব্যবস্থা।
কুরস্ক অঞ্চলে মার্কিন নির্মিত অস্ত্র দিয়ে ইউক্রেনীয় হামলা নিয়ে ওয়াশিংটন সরাসরি কথা বলেনি। কিন্তু বাইডেন প্রশাসন বলেছে, রুশ হামলায় ইউক্রেনের নিজেকে রক্ষার ক্ষেত্রে মার্কিন নীতির পরিবর্তন হয়নি।









