রাশিয়ার ড্রোন ও বোমা হামলা থেকে দেশকে রক্ষা করতে ইউক্রেনকে ৬৫০টি ক্ষেপণাস্ত্র দেবে ব্রিটেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রায় ৫০টি দেশের একটি জোট ‘ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপ’। জার্মানির একটি মার্কিন বিমান ঘাঁটিতে এই জোটের একটি বৈঠকে অংশ নেওয়ার সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নতুন এই অস্ত্র সরবরোহের ঘোষণা দেন, যার মূল্য ২১৩ মিলিয়ন ডলার।
২০২২ সালের প্রথম দিকে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর, গত সপ্তাহে ইউক্রেনে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে নিজেকে রক্ষা করতে বারবার আরও বিমান প্রতিরক্ষা সহায়তার অনুরোধ করে আসছে ইউক্রেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে দ্রুত সহায়তা সরবরাহ করতে নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার ক্ষেপণাস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়া হয়। চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইউক্রেনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এক বিবৃতিতে হেলি বলেছেন, ‘নতুন এই প্রতিশ্রুতি ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থ্যালেসের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৬ কিলোমিটারেরও (৩ দশমিক ৭৩ মাইল) বেশি। এটি স্থল, সমুদ্র এবং আকাশপথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যেতে পারে।
সোমবার ইউক্রেনে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এতে সাতজন নিহত হন।








