যুক্তরাষ্ট্র ও এর নয়টি মিত্র দেশ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সরকারকে ২০২০ সালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুর ওপর সাইবার হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগ আলাদাভাবে রাশিয়ার ক্ষতিকারক সাইবার কার্যক্রমের বিষয়ে সতর্কতা জারি করেছে। যা মস্কোর হ্যাকারদের থেকে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর নেটওয়ার্কের জন্য চলমান হুমকির দিকটি তুলে ধরেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে এফবিআই, সাইবারসিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নেদারল্যান্ডস, জার্মানি, এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র, যুক্তরাজ্য, লাটভিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউক্রেনের সংস্থাগুলোর সঙ্গে মিলে এই সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করে। তারা এই হামলার পেছনে রাশিয়ার সামরিক হ্যাকিং গ্রুপ জিআরইউ ইউনিট ২৯১৫৫-এর সংশ্লিষ্টতা চিহ্নিত করেছে।
এই সাইবার হামলা ২০২০ সালে শুরু হয় এবং ২০২২ সালের জানুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আগে ইউক্রেনীয় সংস্থাগুলোর ওপর হামলা অন্তর্ভুক্ত ছিল। এতে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর সরকারি, পরিবহন, আর্থিক ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হানা হয়েছিল। বিশেষ করে ইউক্রেনের সরকারি ও বেসরকারি খাতে ২০২২ সালের সাইবার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আগেও রাশিয়াকে দায়ী করেছে।
মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার রাশিয়ার জিআরইউ ইউনিট ২৯১৫৫-এর পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। পাশাপাশি আরও একজন রুশ বেসামরিক ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যক্তিদের গ্রেফতারে তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
এফবিআই-এর তথ্য অনুযায়ী, এই সাইবার কার্যক্রমে ২০টিরও বেশি ন্যাটো সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ মধ্য আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের নেটওয়ার্ক স্ক্যান করার ১৪ হাজারের বেশি ঘটনা লক্ষ্য করা গেছে। এসব হামলার মধ্যে ওয়েবসাইট বিকৃতি এবং চুরি করা তথ্য অনলাইনে পোস্ট করা ছিল অন্যতম।
এস্তোনিয়ার সাইবার কূটনীতির দূত তানেল সেপ বলেন, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে বিলম্বের ফলে সংশ্লিষ্ট দেশগুলো ঘটনাগুলোর সম্পূর্ণ মাত্রা বুঝতে সক্ষম হয়েছে। প্রথমবারের মতো এস্তোনিয়া সরকার রাশিয়া কর্তৃক পরিচালিত সাইবার হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো।









