রাশিয়া কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ তীব্রতর করেছে এবং পূর্ব ডনেস্ক অঞ্চলেও চাপ বাড়াচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেক্সান্ডার সিরস্কি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর সঙ্গে ১ হাজার ১৭০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনারা ক্লান্ত ও সংখ্যায় পিছিয়ে পড়ছে।
সিরস্কি বলেন, তৃতীয় দিনের মতো শত্রু কুরস্ক অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে। রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে, যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুরস্ক অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বেড়ে ৬৮-তে পৌঁছেছে, যা গত সপ্তাহের শেষের দিকে দৈনিক প্রায় ৪০টি ছিল।
আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালালেও সেই সময়ের মধ্যে সেখানে দখল করা এলাকার ৪০ শতাংশেরও বেশি হারিয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, কুরস্ক অঞ্চলে এই অভিযান ফ্রন্টলাইনকে আরও প্রসারিত করেছে, যা ইউক্রেনীয় বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
সিরস্কি জানান, পূর্ব ডনেস্ক অঞ্চলেও লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। রাশিয়ার সেনারা এই বছর সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, রুশ বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক ও কুরাহোভে আক্রমণের ওপর মনোযোগ দিচ্ছে।
লড়াইয়ের এই তীব্রতা এমন সময় বাড়ছে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউজে ফিরে আসবেন। সোমবার ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় আসা, যা প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে পারে।









