মস্কোতে শীর্ষ রুশ জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহকারী হত্যার ঘটনায় ২৯ বছর বয়সী এক উজবেক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর জনসংযোগ কেন্দ্র বুধবার (১৮ ডিসেম্বর) জানিয়েছে যে আটককৃত ২৯ বছর বয়সী ব্যক্তি সন্ত্রাসী হামলা চালানোর সন্দেহে অভিযুক্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ইউক্রেনের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে যে এই হত্যাকাণ্ড ইউক্রেনের নিরাপত্তা সংস্থা পরিচালনা করেছে।
এফএসবি জানিয়েছে, কিরিলোভকে হত্যার বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিকে এক লাখ ইউরো পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
রুশ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি ব্যাখ্যা করেন যে তাকে ইউক্রেনের বিশেষ পরিষেবাগুলো নিয়োগ করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের নির্দেশে তিনি মস্কোতে পৌঁছান এবং কিরিলোভের বাসস্থান পর্যবেক্ষণের জন্য একটি গাড়ি ভাড়া করেন।
তিনি একটি বৈদ্যুতিক স্কুটারে বিস্ফোরক ডিভাইস স্থাপন করেন, যা তিনি কিরিলোভের আবাসিক ভবনের প্রবেশপথে রেখে যান।
এছাড়াও তিনি ঘটনাস্থল থেকে ভিডিও ফিড সরাসরি ইউক্রেনের দনিপ্রো শহরে তার হ্যান্ডলারদের কাছে পাঠানোর জন্য একটি ক্যামেরা স্থাপন করেন।
কিরিলোভ যখন বাড়ি থেকে বের হন, তখন সন্দেহভাজন ব্যক্তি বোমাটি বিস্ফোরণ ঘটান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেস (এনবিসি)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ মঙ্গলবার সকালে একটি আবাসিক ভবনের বাইরে দাঁড়ানো স্কুটার বিস্ফোরণে নিহত হন। ওই স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়।
ইউক্রেনের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিরিলোভ রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রধান ছিলেন। তিনি ছিলেন তাদের ‘বৈধ লক্ষ্য’।
ইউক্রেনে যুদ্ধ চলাকালে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনীয় প্রসিকিউটরদের দ্বারা অভিযুক্ত হওয়ার একদিন পর ৫৪ বছর বয়সী কিরিলোভের মৃত্যুর ঘটনাটি ঘটলো।









