ইউক্রেনের কুরস্ক অঞ্চলের যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী কৌশল দেশটির প্রতিরোধ ক্ষমতাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সেস জানিয়েছে, রাশিয়ার কুরস্কে সংঘর্ষে নিহত উত্তর কোরিয়ার এক সেনা নিজেকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দিয়েছে।
এসব সেনারা সেখানে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। ওই গ্রেনেড বিস্ফোরণে ইউক্রেনের সেনারা অক্ষত ছিলেন।
উত্তর কোরিয়ার এক সাবেক সেনা কিম, যিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। তিনি বলেছেন, এ সেনারা কিম জং উনের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখাতে আত্মঘাতী হতে প্রস্তুত।
ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা তথ্য মতে, প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন রয়েছে, এর মধ্যে ৩ হাজারের বেশি হতাহত হয়েছে।
রাশিয়া ও উত্তর কোরিয়া প্রথমে এসব তথ্য অস্বীকার করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে বিষয়টি খোলাসা করেন। এদিকে ইউক্রেন ভিডিও প্রকাশ করে দাবি করেছে, তারা দুই উত্তর কোরীয় সেনাকে আটক করেছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার সেনাদের আত্মঘাতী কার্যক্রম রাশিয়ার কৌশলের অংশ। আত্মসমর্পণ এড়াতে এসব সেনাদের আত্মঘাতী হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আটক উত্তর কোরীয় সেনাদের তাদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা সম্ভব, যদি কিম জং উন রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি দিতে সহযোগিতা করেন।
সূত্র: রয়টার্স









