রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি হলেও উভয় পক্ষই তাতে সন্তুষ্ট হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চাইছে যা দুই দেশই মেনে নেবে। যদিও শেষ পর্যন্ত মস্কো ও কিয়েভ দুপক্ষই এতে অসন্তুষ্ট থাকতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভ্যান্স বলেন, এটি কারও জন্যই খুব আনন্দদায়ক হবে না। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই শেষমেশ এতে খুশি হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছেন যে, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। এটি বাস্তবায়িত হলে ইউক্রেনকে উল্লেখযোগ্য ভূখণ্ড ছাড়তে হতে পারে।
তবে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সংবিধান লঙ্ঘন করে ইউক্রেন কোনও ভূখণ্ড ছাড়তে পারবে না। তিনি আরও বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের উপহার দেবে না।
শুক্রবার রেকর্ড করা ফক্স নিউজ সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের সময়সূচি নির্ধারণে কাজ করছে। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিনের জেলেনস্কির সঙ্গে দেখা করা ফলপ্রসূ হবে না বলে তিনি মনে করেন।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা শনিবার রাতে বলেছেন, ট্রাম্প দুই নেতার সঙ্গেই সম্মেলনে বসতে আগ্রহী। তবে আপাতত পুতিনের অনুরোধে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতিই চলছে।









