জার্মানিজুড়ে সরকারি পরিবহন খাতের কয়েক হাজার শ্রমিক সোমবার দেশব্যাপী ধর্মঘটে অংশ নিয়েছেন। এতে অধিকাংশ শহরে বাস ও ট্রাম চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র শীতের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জার্মান পরিবহণ শ্রমিকদের সংগঠন ভেরডির মুখপাত্র সেরাত চানইয়ার্ট আরবিবি রেডিওকে বলেন, পরিকল্পনা অনুযায়ী এবং ব্যাপক পরিসরে এই ধর্মঘট শুরু হয়েছে। তিনি জানান, পরিবহন পরিচালনাকারী সংস্থাগুলোকে আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি হলো কাজের শিফট কমানো, বিশ্রামের সময় বাড়ানো এবং রাত ও সাপ্তাহিক ছুটির দিনের কাজে অতিরিক্ত পারিশ্রমিক নিশ্চিত করা।
এই ধর্মঘট জার্মানির ১৬টি ফেডারেল রাজ্যের মধ্যে ১৫টিতে প্রায় ১৫০টি পৌর পরিবহন সংস্থাকে প্রভাবিত করেছে। এর মধ্যে বার্লিন, হামবুর্গ ও ব্রেমেন উল্লেখযোগ্য। ইউনিয়ন কর্মকর্তাদের মতে, স্টুটগার্ট, কার্লসরুহে ও ফ্রাইবুর্গের মতো শহরে পুরো দিনের জন্য পরিবহন সেবা বন্ধ থাকে।
ইউনিয়ন নেতারা সতর্ক করে বলেছেন, পরবর্তী দফার আলোচনায় নিয়োগকর্তারা অর্থবহ ছাড় না দিলে আরও ধর্মঘটের পথে যেতে পারে শ্রমিকরা।
এদিকে বিঘ্ন সত্ত্বেও জার্মান রেলসেবা সংস্থা ডয়চে বান জানিয়েছে, বড় শহরগুলোর নগর রেল পরিষেবা এবং দূরপাল্লার ট্রেন স্বাভাবিকভাবে চলেছে, কারণ এসব কর্মী ভেরডির আওতাভুক্ত নন। তবে দেশের অনেক এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ায় যাত্রীদের বিকল্প যাতায়াত ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়েছে।
ভেরডি ও পৌর নিয়োগকর্তা সংগঠনগুলোর মধ্যে আলোচনা দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বার্লিনে ইউনিয়ন প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ অসুস্থতা ভাতা ও নমনীয় কর্মঘন্টাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কমানোর প্রস্তাব দিয়ে আর্থিক বোঝা শ্রমিকদের ওপর চাপাতে চাইছে। আগামী ৯ ফেব্রুয়ারি আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









