লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি

লন্ডন প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৮:০৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:০৩

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও বাংলাদেশের সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তবে কারও বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি এবং পরবর্তী তদন্ত সাপেক্ষে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় ‘সহিংস বিশৃঙ্খলা’ সৃষ্টির সন্দেহে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ এবং ৪৯ বছর বয়সী ওই ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার ন্যান্সি বাউহার্স্টের দেওয়া তথ্যে আটককৃতদের নাম-পরিচয়, জাতীয়তা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ করা হয়নি।

গত ১৬ নভেম্বর রাত ৯টা ৫৯ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোডে প্রায় ৫০ জনের একটি দলের বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের তথ্যমতে, অংশগ্রহণকারীদের একাংশ সহিংস আচরণ করছিল, ইট-পাটকেল ও বস্তু নিক্ষেপ করছিল এবং সম্পত্তির ক্ষতি করছিল। পুলিশ পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা ছত্রভঙ্গ হয়। সামান্য আহত অবস্থায় তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়, যাদের আঘাত গুরুতর নয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

তদন্তের নেতৃত্বদানকারী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মুলকাহি জানান, এই সহিংসতা রেডব্রিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল এবং অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দলটি পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করতে আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সপ্তাহজুড়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষার মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।’

কারও কাছে ঘটনার সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে ‘সিএডি ৭০০৪/১৬নভেম্বর’ রেফারেন্স উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা বের হওয়ার সময় এই হামলা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, সহিংসতা শুরুর আগেই নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতাদের অভিযোগ, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা অতিথিদের ওপর হামলা চালায়। এনসিপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ অভিযোগ করেন, হামলাকারীরা কাঁচের বোতল ও স্টিলের রড ব্যবহার করেছিল। লন্ডনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রাথমিকভাবে ১০ জন আহত ও অন্তত ৫ জন হাসপাতালে ভর্তির কথা জানালেও পুলিশ কেবল তিনজনের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি, মানবাধিকার সংস্থা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের জন্য এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যান নাহিদ ইসলাম। হামলার পরদিন ১৭ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী সহিংসতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্রিটিশ আইনে বিচারের দাবি তোলে। নাহিদ ইসলাম নিজেও ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিলেন। মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত, বড় জয় মমতার
মহাকাশে আল্লামা ইকবালের কবিতা, এক সুতোয় ভারত-পাকিস্তান
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩
সর্বশেষ খবর
৫ গোলের ম্যাচে আবাহনীকে হারিয়ে পুলিশের নাটকীয় জয়, হেরেছে মোহামেডানও
৫ গোলের ম্যাচে আবাহনীকে হারিয়ে পুলিশের নাটকীয় জয়, হেরেছে মোহামেডানও
মেট্রোস্টেশনে কি চাইলেই দোকান বরাদ্দ পাবেন?
মেট্রোস্টেশনে কি চাইলেই দোকান বরাদ্দ পাবেন?
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব