পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা (এলওপি) হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী বড় ধরনের ধাক্কা খেলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বড় জয় পেলো। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রায়ের একক বেঞ্চ ঋতব্রতের পাশাপাশি বিধানসভার স্পিকার কর্তৃক চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছেন।
স্পিকারের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে হাইকোর্ট বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি পুনর্বিবেচনা করে ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা নিয়োগের বিষয়ে নতুন আদেশ দিতে হবে।
মূল দলের মনোনয়ন সত্ত্বেও ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়াকে চ্যালেঞ্জ করে মমতা শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এই রায় দিলেন।
গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের ভরাডুবির মধ্য দিয়ে মমতার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপরই ১৯৯৯ সালে কংগ্রেস ভেঙে প্রতিষ্ঠিত দলটির ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট শুরু হয়। শোভনদেব তার আবেদনে দাবি করেন, গত ৬ মে পরিষদীয় দলের বৈঠকে ঋতব্রতসহ প্রায় ৭০ জন বিধায়কের উপস্থিতিতে তাকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করে একটি প্রস্তাব সই হয়েছিল। তবে একসময় বাম রাজনীতি করা ঋতব্রত স্পিকারের কাছে অভিযোগ করেন, ওই প্রস্তাবে সইগুলো জাল করা হয়েছে। এরপর স্পিকার অবিভক্ত তৃণমূলের তৎকালীন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশকে মামলা করার নির্দেশ দেন।
কয়েক দিন পর ৮০ জন বিধায়কের মধ্যে ৫৯ জনকে নিয়ে ঋতব্রত দল ভেঙে ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস গঠন করেন। প্রথমবার বিধায়ক হওয়া ঋতব্রত নিজের গোষ্ঠীকে ‘আসল তৃণমূল’ দাবি করলে ৩ জুন স্পিকার তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সময়ে দিল্লিতেও তৃণমূলের ২০ জন লোকসভা সদস্য ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর সঙ্গে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেন।
গত জুলাইয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ঋতব্রত ও আখরুজ্জামানকে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীনভাবে পদে থাকার অনুমতি দিয়েছিলেন। ১৮ অক্টোবর সেই মেয়াদ শেষ হওয়ার পর শোভনদেব আবারও আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, কোনও আইনি বৈধতা না থাকা সত্ত্বেও তারা বিরোধী দলনেতা ও চিফ হুইপের সুযোগ-সুবিধা ভোগ করছেন।
অন্যদিকে ঋতব্রতের আইনজীবী জয়দীপ কর যুক্তি দেন, ‘জোড়া ঘাসফুল’ প্রতীকের মালিকানা নিয়ে নির্বাচন কমিশনে বিবাদ বিচারাধীন থাকায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই বিরোধী দলনেতা নির্ধারণ করা উচিত। তবে সর্বশেষ রায়ে হাইকোর্ট ঋতব্রতের নিয়োগ বাতিল করে দেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
মহাকাশে আল্লামা ইকবালের কবিতা, এক সুতোয় ভারত-পাকিস্তান
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩