জার্মানির বার্লিন শহরের একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হলে অন্তত একজন নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। জরুরি কর্মকর্তারা বলেছেন স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এই ঘটনা ঘটে। তবে এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গাড়িচালককে আটক করা হয়েছে।
পশ্চিম বার্লিনের ব্যস্ত র্যাংকেট্রেস এবং টয়েন্টজিয়েনট্রেস এর এক কোনায় ঘটনাটি ঘটে।
খবরে বলা হয়েছে গাড়িটি রাস্তা থেকে সরে যায় এবং একটি দোকানের সামনে বিধ্বস্ত হওয়ার আগে ফুটপাতে উঠে যায়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা গেছে ছোট একটি রূপালী রেনল্ট ক্লিও একটি প্রসাধনী দোকানের ডিসপ্লে জানালা দিয়ে বিধ্বস্ত হয়েছে।
বার্লিন ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৬০ জন দমকল কর্মী কাজ করছেন।
অভিনেতা জন ব্যারোম্যান টুইট বার্তায় জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি আশেপাশে ছিলেন। ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, গাড়িটি দোকানের সামনে বিধ্বস্ত হওয়ার আগে ফুটপাতে উঠে যায়।
ওই অভিনেতা বলেন, ‘পুলিশের উপস্থিতি অবিশ্বাস্য। তারা এলাকাটি পরিষ্কার করছে। মানুষকে আকাশপথে সরিয়ে নিতে ঘটনাস্থলে হেলিকপ্টার আসছে।’
এলাকাটি ব্রেইটচেইডপ্লাটজ এর কাছাকাছি। সেখানে এক ট্রাকচালক ভিড়ের মধ্যে গাড়ি ঠেলে দিয়ে অন্তত ১২ জনকে হত্যা করে। পরে এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলাটি চালায় আশ্রয় চেয়ে না পাওয়া এক ব্যক্তি।
সূত্র: বিবিসি









