ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রার্থী করলো বিজেপি। সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন দলটির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
শনিবার (১৬ জুলাই) সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনখড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।
এদিন সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং। সেখানেই জগদীপ ধনখড়কে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।









