কংগ্রেসের সঙ্গে প্রায় ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন দলটির প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার তিনি দলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্য দ্য হিন্দু এখবর জানিয়েছে।
পদত্যাগপত্রে গুলাম নবী আজাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধী কংগ্রেসের গঠনমূলক কাঠামো ধ্বংস করেছেন এবং রিমোট কন্ট্রোল সংস্কৃতি ইউপিএ জোটকে ক্ষতিগ্রস্ত করেছে।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠানো পদত্যাগপত্রে আজাদ অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী নামে মাত্র দলের প্রধান, সব সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী বা তার ব্যক্তিগত সহকারী ও নিরাপত্তা রক্ষীরা।
এই বিষয়ে কংগ্রেসের যোগাযোগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ বলেছেন, এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক ও দুঃখের ঘটনা।
গুলাম নবী আজাদ এমন সময় পদত্যাগ করলেন যখন কংগ্রেস মূল্য বৃদ্ধি, সামাজিক বিভক্তি ও রাজনৈতিক বিভাজন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কংগ্রেস নেতা আজাদের পদত্যাগপত্রের সঙ্গে আসন্ন জম্মু-কাশ্মিরের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে মনে করেন। তারা বলছেন, ভাসমান আঞ্চলিক দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং হয়ত শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করবেন।









