ভারতের রাজধানী নয়া দিল্লির উত্তরাঞ্চলীয় রোশানারা সড়কে একটি ভবন অগ্নিকাণ্ডের পর ধসে পড়েছে। মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা তিনতলা ভবনটির পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় আকস্মিকভাবে ভবনটি ধসে পড়ে। পুলিশ জানিয়েছে, ধসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে আগুন লাগে। ভবনটি জয়পুর গোল্ডেন ট্রান্সপোর্ট নামের প্রতিষ্ঠান ব্যবহার করছিল।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগ অন্তত ১৮টি ট্রাক ঘটনাস্থলে পাঠায়। তারা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন তখন তা ধসে পড়ে। পুরো ভবনটি ধসে পড়তে সময় লাগে মাত্র ৫ সেকেন্ড।
কর্মকর্তারা বলেছেন, তারা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।









