ভারতের মধ্যাঞ্চলে এক সরকারি কর্মকর্তাকে প্রায় ৫৩ হাজার রুপি জরিমানা করেছে কর্তৃপক্ষ। সেলফি তোলার সময় হাত থেকে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে জলাধার সেচে তা উত্তোলনের নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনাটি সামনে আসার পর সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছিল, এবার করা হলো জরিমানা।
গত সপ্তাহে ছত্তিশগড়ের কাঙ্কোর জেলার খেরকাট্টা বাঁধে পড়ে যায় খাদ্য পরিদর্শক রাজেশ বিশ্বাসের মোবাইল ফোন। প্রথমে ডুবুরিদের দিয়ে জলাধারে তা খুঁজতে নির্দেশ দেন। এই উদ্যোগ ব্যর্থ হলে তিনি ডিজেল পাম্প দিয়ে পুরো জলাধার সেচতে বলেন।
রাজেশ বিশ্বাস নামক সেই কর্মকর্তার দাবি, ফোনে সংবেদনশীল সরকারি তথ্য থাকায় তা উদ্ধার করতে এমন নির্দেশ দিয়েছিলেন তিনি। সংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছে বিষয়টির জন্য মৌখিক অনুমতি নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এছাড়া এই পানি সেচের কাজে ব্যবহার করে কৃষকের উপকার হবে বলেও জানিয়েছিলেন এই কর্মকর্তা
তার নির্দেশের পর পরবর্তী তিন দিন ২০ লাখ লিটারের বেশি পানি সেচে ফেলা হয় জলাধার থেকে। এটি প্রায় অন্তত দেড় হাজার একর বিস্তৃত।
এমন কাণ্ডের জন্য ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ‘ব্যক্তিগত স্বার্থে অনুমতি ছাড়া জলাধার খালি’ করার কারণে বরখাস্ত করার পর তাকে জরিমানা করা হয়।
সূত্র: বিবিসি









