ভারতের উত্তর প্রদেশের এক বিয়ে বাড়িতে দেয়াল ধসের ঘটনায় অন্তত সাতজন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের মউ জেলার ঘোষি এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও দুই শিশু।
গায়েহলুদের আচার-অনুষ্ঠানের জন্য নারীরা ওই বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন ধরে আসছিলেন। তাদের সঙ্গে বেশ কয়েকজন শিশুও ছিল। এমন সময় রাস্তার ধারের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলের বেশ কয়েকজন নারী ও শিশু দেয়ালের নিচে চাপা পড়েন।
এই দুর্ঘটনায় শোক জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি।









