সম্প্রতি বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধির জেরে আরব সাগরে ৩টি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আরব সাগরে আইএনএস মোরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা নামের এই তিনটি যুদ্ধজাহাজ এবং দূরপাল্লার টহল বিমান পি-৮১ মোতায়েন করেছে ভারত। এখন থেকে এই তিনটি যুদ্ধজাহাজ এবং একটি টহল বিমান নিয়মিত টহল দেবে। জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো সরঞ্জাম রয়েছে।
শরিবার বাণিজ্যিক জাহাজের ওপর ড্রোন হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এমভি কেম প্লুটোর ওপর চালানো হামলা নিয়ে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, এই হামলায় জাহাজে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনী ও বেসরকারি সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আমব্রে লাইবেরিয়া-পতাকাবাহী অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকারটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এবং জাহাজটি সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল।
২১ জন ভারতীয় এবং একজন ভিয়েতনামী নাগরিককে বহনকারী জাপানি মালিকানাধীন জাহাজটি শনিবার ভারতের কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। পরে সেটি বিস্ফোরক হামলার শিকার হয়।
তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু জাহাজটির ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলাকারী শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে শনিবার (২৩ ডিসেম্বর) ইরান থেকে ভারত মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে এ দায় অস্বীকার করেছে তেহরান।








