ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম বা শেষ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল সাতটা থেকে সাত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এরইমধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগ উঠেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
শেষ দফায় ১৭ হাজার ৪৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের যে ৯টি আসনে ভোট চলছে সেগুলো হলো-কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর। এই ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৪ জন প্রার্থী।
এদিন যাদবপুর নির্বাচনী এলাকার ভাঙরের সাট্যুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিআইএমের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ উঠেছে। এমনকি সংঘর্ষের সময় হাত-বোমা বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। এতে এক আইএসএফের এক নারী কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এআইএসএফ প্রার্থী ননূর আলম খানের গাড়ি ভাংচুরেরও অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলিতে ভোটকেন্দ্রে প্রবেশ করে ইভিএম মেশিন কেড়ে নিয়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী। স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ওই কেন্দ্রে নতুন ইভিএম সরবরাহ করে আবারও ভোট শুরু হয়। এছাড়া জেলার ক্যানিং কেন্দ্রেও বিজেপি সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এছাড়া বারাহনগর, অশোকনগর, ভবানীপুর, ডায়মন্ড হারবারসহ বেশ কয়েকটি কেন্দ্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জি।
এছাড়া শেষ ধাপে উত্তর প্রদেশের বারানসি আসনে বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে গিয়ে ধ্যানে বসায়, হৈচৈ পড়ে গেছে তাকে নিয়ে। শেষ দফার ভোটগ্রহণ শেষ হলে তিনি ধ্যান ভঙ্গ করবেন বলে জানা গেছে।
এই দফায় বারাণসিসহ উত্তর প্রদেশের ১৩টি ও পাঞ্জাবের ১৩ টি আসনেও ভোট হবে। পশ্চিমবঙ্গের ৯ আসন ছাড়াও ভোট গ্রহণ চলছে বিহারের ৮, উড়িশ্যার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খন্ডের ৩ এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একমাত্র আসনে।








