ভারতের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এইসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, সর্বশেষ ১ মার্চ পর্যন্ত মৃতের সংখ্যা ৫৬ হয়েছে। এর আগে শুধু মে মাসে দিল্লিসহ দেশটির মধ্য, পূর্ব এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
ভারতের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ৪৬ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এর মধ্যে অনেক অঞ্চলের তা ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভের অনেক অংশের তাপমাত্রা সর্বোচ্চ ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হচ্ছে।
শনিবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের কয়েকটি স্থানে এবং হিমাচল প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ ও রাজস্থানের কয়েকটি স্থানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লিতে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং বিচ্ছিন্ন এলাকাগুলোতে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে পারে।
এছাড়া, দিল্লিতে আজ শনিবার বজ্রঝড়সহ হালকা বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে খুব ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।








