দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া অবশেষে জামিন ও মুক্তি পেয়েছেন। আবগারি নীতি মামলায় প্রায় ১৮ মাস কারাগারে বন্দি থাকার পর শুক্রবার (৯ আগস্ট) ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছে। সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতির অভিযোগে সিবিআই সিসোদিয়াকে গ্রেফতার করে। এরপর একাধিক জামিন আবেদন খারিজ হওয়ার পর তাকে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পুনরায় গ্রেফতার করে। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করার পরও তা খারিজ হয়ে যায়, যদিও আদালত জানিয়েছিল যে সিসোদিয়ার বিরুদ্ধে ৩৩৮ কোটি রুপির দুর্নীতির অভিযোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে।
অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিচার প্রক্রিয়া ছয় থেকে আট মাসের মধ্যে শেষ করতে হবে। যদি বিচার ধীরগতিতে চলে, তবে জামিনের আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল।
সিসোদিয়ার জামিনের খবর প্রকাশিত হওয়ার পর দলটির কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ শুরু করেন। দলের সাংসদ সঞ্জয় সিং এই জামিনকে কেন্দ্রের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যোগ্য জবাব হিসেবে উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শিগগিরই মুক্তি পাবেন।
মার্চ মাসে কেজরিওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। কেজরিওয়াল ও সিসোদিয়া দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ করেছে।
কেজরিওয়ালের দলের নেতারা বলেছেন, জামিনের আদেশটি দলের জন্য একটি বড় বিজয়।









