তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) চেন্নাইয়ের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
শপথ গ্রহণের ঠিক আগমুহূর্তে তৃষা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অনুষ্ঠানে তৃষার সাজপোশাক ছিল চোখে পড়ার মতো। তিনি গোল্ডেন অ্যাকসেন্ট দেওয়া ‘পোথিস’-এর একটি গাঢ় নীল রঙের সিল্ক কাঞ্জিভরম শাড়িতে উপস্থিত হন। এর সঙ্গে তিনি পরেন বেইজ রঙের কারুকাজ করা ব্লাউজ।
সাজে আভিজাত্য যোগ করতে তৃষা বেছে নিয়েছিলেন জিআরটি জুয়েলার্স-এর হীরা ও রুবি খচিত চোকার এবং মানানসই কানের দুল। হালকা মেকআপ, কপালে ছোট্ট টিপ আর চুলে মাল্লি পু (বেলি ফুল) জড়ানো তৃষাকে দেখতে বেশ চমৎকার লাগছিল। এই অনুষ্ঠানের জন্য তাকে স্টাইল করেছেন একা লাখানি এবং হর্ষিনী রবিচন্দ্রন।









