ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন; তবে যে কারও পদত্যাগ নিশ্চিত করতে পারেন। গণতন্ত্রে ভয় পাবেন না।’
শিক্ষামন্ত্রী পদত্যাগ জমা দেওয়ার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ককরোচ জনতা পার্টি লিখেছে, ‘ছাত্রশক্তি জিন্দাবাদ’।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের প্রথম প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি আরও বলেছে, ‘ককরোচ (তেলাপোকা) জিতেছে, গণতন্ত্র জিতেছে।’
প্রধানের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিজিৎ দিপকের মা অনিতা দিপকে বলেন, ‘এটি খুব ভালো হয়েছে। আড়াই মাস ধরে শিক্ষার্থীরা লড়াই করছে। এত অল্প বয়সে অভিজিৎ অনেক কিছু অর্জন করেছে। তাকে থাপ্পড় মারা হয়েছে এবং গালাগাল দেওয়া হয়েছে। অবশেষে জয় এলো।’
এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিও জানিয়ে আসছিলেন।
এর আগে দুই দফা আলোচনা হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রের মধ্যকার আলোচনা থমকে গিয়েছিল। শনিবার সকালে সিজিপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তবে কোনো আলোচনা হতে পারে না।
আজ শনিবার (২৫ জুলাই) বিকালে সিজেপি ও কেন্দ্র সরকারের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনার কথা রয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী







