ভারতের আগ্রায় ২২ বছর বয়সী এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন নিজ বাবা। গত সোমবার (৩ আগস্ট) ঘটনাটি ঘটে আগ্রার জয়তপুর থানা এলাকার প্রতাপ নগরে।
অভিযুক্ত বিমল শর্মা তার মেয়ে অঙ্কিতাকে সম্মানজনক হত্যা (অনার কিলিং) করেন বলে অভিযোগ উঠেছে। অঙ্কিতা চলতি বছরের শুরুর দিকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সদস্যকে আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন।
পুলিশ জানায়, পরিবার থেকে অঙ্কিতাকে এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ওই বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতার লাশ উদ্ধার।
উপ-পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক আগরওয়াল বলেছেন, বিমল শর্মা তার মেয়েকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।









