পান মশলার প্যাকেজিং বা মোড়কে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল ও মেটালাইজড স্তরের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সোমবার (১০ আগস্ট) ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্যাকেজিং) অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’ শীর্ষক একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নিয়ম কার্যকরের কথা জানানো হয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা এফএসএসএআই ২০১৮ সালের প্যাকেজিং নীতিমালায় এই সংশোধনী এনেছে। নতুন নীতি অনুযায়ী, পান মশলা বাজারজাতকরণে প্লাস্টিক সম্পূর্ণ মুক্ত কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে। এতে কোনও ধরনের পলিথিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পিভিসি বা কৃত্রিম পলিমারের আবরণ থাকা চলবে না। এমনকি কাগজের তৈরি প্যাকেটের ভেতরেও প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েলের কোনও স্তর ব্যবহার করা যাবে না।
প্লাস্টিক ও ফয়েল মুক্ত প্রাকৃতিক উপাদানের পাশাপাশি পান মশলা বাজারজাতকরণের জন্য টিন এবং কাচের পাত্র ব্যবহারের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া ১৯৮৬ সালের পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় গঠিত ‘প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ২০১৬’-এর নির্ধারিত কিছু বিধানও এই পান মশলার মোড়কের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্য হিসেবে পান মশলা নিষিদ্ধ করা হয়নি, বরং এর মোড়ক পরিবেশবান্ধব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৮ এপ্রিল এ সংক্রান্ত খসড়া নিয়ম প্রকাশ করে ৬০ দিনের জন্য জনমত আহ্বান করা হয়েছিল। প্রাপ্ত মতামত ও পরামর্শ বিবেচনা শেষে কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে এই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়, যা প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

হঠাৎ ৩০০ ফুট নিচে বিমান, ককপিটে কী ঘটেছিল?







