ভারতের লোকসভার মোট আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩টিতে স্থির রাখতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বিজয় প্রস্তাবিত সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে বুধবার তামিলনাড়ু বিধানসভায় গৃহীত একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আসন্ন লোকসভা নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দাবির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
চিঠিতে বিজয় উল্লেখ করেন, বিধানসভার প্রস্তাবে রাজ্যগুলোর মধ্যে লোকসভার বর্তমান আসন বন্টন অপরিবর্তিত রাখার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের কথা উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের সভা বা লোকসভার মোট সদস্য সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-এ নির্ধারণ করা উচিত। তিনি আরও বলেন, প্রতিটি রাজ্যের জন্য বরাদ্দকৃত লোকসভা আসনের সংখ্যাও বর্তমান পর্যায়ে নির্দিষ্ট থাকা উচিত।
বিজয় লেখেন, আমি তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবের একটি অনুলিপি সংযোজন করছি। তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবটি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী আনার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে বুধবার তামিলনাড়ু বিধানসভায় আলোচনা করা হয় যে, আসন বরাদ্দের সাথে সম্পর্কিত ৮১(২)(এ) অনুচ্ছেদ প্রয়োগ করা হলে আদমশুমারির পর দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো তাদের লোকসভা আসন হারাতে পারে। সীমানা নির্ধারণের কারণে ১৯৬৭ সালে তামিলনাড়ুর লোকসভা আসন ৪১টি থেকে কমে ৩৯টি হওয়ার কথা তুলে ধরা হয়।
প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের পর জনসংখ্যা পরিসংখ্যানের ভিত্তিতে আসন পুনর্নির্ধারণ করা হলে তা দক্ষিণের রাজ্যগুলোর প্রতি স্থায়ী অবিচার বয়ে আনবে। কারণ রাজ্যগুলো অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে অগ্রগতির পাশাপাশি সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
একই সাথে আগামী লোকসভা নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
চিঠিতে মুখ্যমন্ত্রী বিজয় প্রধান তিনটি পদক্ষেপে জোর দিয়েছেন- লোকসভার আসন ৫৪৩-এ স্থায়ী করতে সাংবিধানিক সংশোধনী আনা, বিদ্যমান রাজ্যভিত্তিক আসন বণ্টন অপরিবর্তিত রাখা এবং পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা।
সূত্র: ইন্ডিয়া টুডে

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে







