ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে তর্কের জেরে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৩৮ বছর বয়সী ওই নারী মারা যান। এ ঘটনায় তার ৪১ বছর বয়সী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব। তার স্বামী কৃষ্ণ লাল যাদব। এই দম্পতির দুটি ছোট সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, কাজ শেষে বাড়ি ফিরে কৃষ্ণ লাল যামিনীকে তার ও সন্তানদের জন্য খাবার তৈরি করতে বলেন। কিন্তু যামিনী তখন তাদের আবাসিক এলাকায় নাচের ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রান্না করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা একপর্যায়ে সহিংস রূপ নেয়। পুলিশের দাবি, ওই সময় কৃষ্ণ লাল মদ্যপ অবস্থায় ছিলেন। দুই সন্তানের সামনেই তিনি যামিনীর ঘাড় ও পেটে হামলা করেন।
পুলিশ আরও জানায়, হামলার পর যামিনী ঘাড় ও পেটে তীব্র ব্যথার কথা জানান এবং স্বামীকে ব্যথানাশক ওষুধ আনতে বলেন। কৃষ্ণ লাল একটি ওষুধের দোকানে গেলেও সেটি বন্ধ থাকায় ওষুধ ছাড়াই বাড়ি ফিরে আসেন। এরপর যামিনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গুরুতর অভ্যন্তরীণ আঘাতের কারণে তার পেট ফুলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে ময়নাতদন্তের প্রতিবেদনে গুরুতর আঘাতের তথ্য উঠে আসে। এতে ঘাড়ের হাড় ভেঙে যাওয়া এবং অন্ত্রে গুরুতর ক্ষতির কথা উল্লেখ করা হয়।
যামিনীর ভাই জানান, শুরুতে পরিবার মনে করেছিল তারা এক মর্মান্তিক ঘটনায় যামিনীকে হারিয়েছে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধের চিহ্ন ও পেটে গুরুতর অভ্যন্তরীণ আঘাতের তথ্য পাওয়ার পর তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে এর আগেও অনেক দম্পতির মতো বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। তার বোন মাঝেমধ্যে এসব ঝামেলার কথা তাকে জানাতেন। তিনি বোনকে কথা বলতে বা পরিবারকে বিষয়টি জানাতে বলতেন। কিন্তু যামিনী বলতেন, ‘এটা থাকতে দাও। এটা পারিবারিক বিষয়। তুমি কিছু বললে পরে আমাকে আরও সমস্যায় পড়তে হবে।’
বোনের অনুরোধে পরিবার বিষয়টিতে হস্তক্ষেপ করেনি উল্লেখ করে তিনি বলেন, তারা ভেবেছিলেন এগুলো সাধারণ দাম্পত্য কলহ। কিন্তু শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ কৃষ্ণ লালকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি

থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
আবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?







