ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোয় ভারতে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ১৮:২১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৮:২১

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলের কয়েকজন সদস্যের অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার প্রতিবাদে ভারতে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব শাখা। শনিবার যুব কংগ্রেসের প্রকাশিত ভিডিও ফুটেজে এই চিত্র দেখা গেছে।

ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মেটার সবচেয়ে বড় বাজার ভারতে প্রভাবশালী এই রাজনৈতিক গোষ্ঠীর বিক্ষোভ তীব্র আকার ধারণ করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আপত্তিকর মনে করে এমন কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দিন দিন কঠোর হওয়ায় ভারতে মতপ্রকাশের স্বাধীনতার ঝুঁকি নিয়ে বিতর্ক বাড়ছে।

মোদি সরকারের দাবি, কেবল স্থানীয় আইন লঙ্ঘন করলে কিংবা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হলেই কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে মেটা ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম মোদি সরকারকে সুবিধা দিতে দলের অ্যাকাউন্ট সরিয়ে দিয়ে অনলাইনে ভিন্নমত দমন করছে। মেটা জানিয়েছে, স্থানীয় আইন মেনেই তারা ভারতে কনটেন্ট সীমিত করে।

শনিবার মোদির ক্ষমতাসীন দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা ‘শুধু হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুর ও ধ্বংসই করেনি’, বরং ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বড়াইও করছে’। তিনি লেখেন, ‘এটাই কংগ্রেস মডেল: বেসরকারি কোম্পানির কার্যালয় ভাঙচুর করা’। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ফুটেজে দেখা যায়, শুক্রবার হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে ঢুকে পড়েন, গাছের টব আছড়ে ভাঙেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ে মেটার কার্যালয় ভবনের বাইরের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে মেটাবিরোধী স্লোগান লিখছেন কংগ্রেস কর্মীরা এবং বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। নয়াদিল্লির কাছে গুরুগ্রামেও ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিয়েছেন দলটির কর্মীরা।

এক্সে দেওয়া এক সতর্কবার্তায় ভারতীয় যুব কংগ্রেস জানিয়েছে, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া না হলে তারা ‘দেশজুড়ে মেটার কার্যালয়ে অভিযান চালাবে এবং বিক্ষোভ করবে’।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে যুব কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম বিভাগের দায়িত্বে থাকা মনু জৈন জানান, শুক্রবারের বিক্ষোভের পর এমন দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে; তবে সরকারের সমালোচনাকারী সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনও সীমিত অবস্থায় রয়েছে। মেটার অ্যালগরিদম কীভাবে পোস্ট সীমিত করে তার ব্যাখ্যা দিতে হবে এবং সরকারি নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
‘বিশ্বে মুসলিমের সংখ্যা বাড়ছে’, মার্কিন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার আহ্বান লিভিটের
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
সর্বশেষ খবর
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ