তুরস্কের সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে ৩৫ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত কুর্দি যোদ্ধারা কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সদস্য। শুক্র ও শনিবার তুর্কি সেনাবাহিনীর পৃথক অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। তুর্কি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার সকালে দক্ষিণ পূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তুর্কি সেনা এবং পিকেকে-এর মধ্যে এক সংঘর্ষে ৮ তুর্কি সেনা নিহত হন। ওই ঘটনার পর পরেই তুর্কি বাহিনী অঞ্চলটিতে পরপর তিনবার বিমান হামলা চালায়। এতে ২৩ কুর্দি সদস্য নিহত হন।
এরপর তুর্কী বাহিনীর স্থলভাগে চালানো আরেকটি অভিযানে আরও ৪ তুর্কি সেনা নিহত হন। এর আগে শুক্রবার কাকুরকা অঞ্চলে পরিচারিত আরও একটি অভিযানে ৮ কুর্দি সদস্য নিহত হন।
শুক্র ও শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ তুর্কি সেনা আহত হয়েছেন।
গত সপ্তাহ থেকে তুরস্ক সেনাবাহিনী কুর্দি দমনে বিমান হামলা চালিয়ে আসছে। যেখানে এ পর্যন্ত ২০জন নিহত হয়েছেন।
তুরস্ক সরকারের বিরুদ্ধে নিপীড়ন ও বৈষম্যের অভিযোগে ১৯৮৪ সালে সশস্ত্র বিদ্রোহ ও যুদ্ধ শুরু করে পিকেকে। এক বছর আগে যুদ্ধবিরতি শেষ হয়। এরপর কুর্দি ও তুর্কি সেনাদের সংঘর্ষে বেশ প্রাণহানি ঘটেছে। সূত্র: বিবিসি।
/এএ/








