ইসলামিক স্টেট (আইএস) এর হয়ে দীর্ঘসময় কাজ করা এবং অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার আইএস’র সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’ বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়, 'সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে এই শীর্ষ নেতার মৃত্যু হয়।
তবে তিনি বিমান হামলায় নাকি স্থল সেনাদের হামলায় মারা গেছেন তা বিস্তারিত জানায়নি সংবাদ সংস্থাটি।
কোনও ব্যক্তি দ্বারা এককভাবে আইএস’র প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম আল-আদনানির কাছ থেকেই আসতো।
মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো। আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে।
ইউরোপে বেশকয়েকটি হামলায় সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।
খবর: বিবিসি
/এনএস/








