ইরাকে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও যুদ্ধমন্ত্রী আয়াদ আল-জুমাইলি নিহত হয়েছেন। শনিবার ইরাকের সামরিক গোয়েন্দাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহত আয়াদ আল-জুমাইলিকে আইএস প্রধান আবু বকর আল-বাগাদাদির পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও যুদ্ধমন্ত্রী হিসেবে মনে করা হয়।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সিরিয়া সীমান্তে আল-কায়েম অঞ্চলে ইরাকি বিমান বাহিনীর অভিযানে মৃত্যু হয় জুমাইলির। খবরে অভিযানের তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি।
মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী যুদ্ধজোটের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুমাইলির পুরো নাম আয়াদ হামিদ খালাফ আল-জুমাইলি। তিনি আইএসে গোয়েন্দা ও জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের আগে সাদ্দামযুগে তিনি ফালুজার একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। এরপর তিনি আইএসে যোগ দেন। তিনি সরাসরি আইএস প্রধান বাগদাদির অধীনে কাজ করেন। সূত্র: রয়টার্স।
/এএ/








