নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর ইরান দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও বিশেষায়িত বাহিনী বিপ্লবী গার্ডের সামর্থ্য বৃদ্ধির জন্য বরাদ্দ বৃদ্ধি করতে যাচ্ছে। রবিবার ইরানের পার্লামেন্ট এ লক্ষ্যে প্রস্তাবিত একটি বিলে অনুমোদন দিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে বিলটি অনুমোদন করেছেন। আমেরিকার সন্ত্রাস ও উচ্চাকাঙ্ক্ষাবিরোধী পদক্ষেপ শিরোনামের বিলটি অনুমোদনের সময় ইরানি সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।
আগস্ট মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ইরানবিরোধী নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।
ইরান দাবি করে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘিত হচ্ছে না। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুসারে, পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার যোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে পারবে না ইরান। সূত্র: রয়টার্স।
/এএ/








