ইয়েমেনের মারিব প্রদেশে রবিবার ভোরে মার্কিন ড্রোন হামলায় পাঁচ সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয়রা জানায়, একটি প্রাইভেট কারে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা রাঘওয়ান জেলায় যাচ্ছিল। ড্রোন হামলার পর সন্দেহভাজনদের শনাক্ত করার মতো পরিস্থিতি ছিল না।
ড্রোন হামলার বিষয়ে আল কায়েদা বা মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল কায়েদা ইয়েমেনে আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) নামে পরিচিত।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আল কায়েদা এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একিউএপি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে সক্রিয় রয়েছে। সূত্র: রয়টার্স।








