সৌদি আরবের রিয়াদে সৌদি নেতৃত্বাধীন বিভিন্ন মুসলিম দেশের প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে সন্ত্রাসবাদবিরোধী জোটের সভা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর রবিবার এ খবর জানিয়েছে।
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা’ শিরোনামে ‘ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের’ (আইএমসিটিসি) সম্মেলনের উদ্বোধন করেন সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিল সালমান। এ সময় তিনি অংশগ্রহণকারীদের জানান, এই সম্মেলন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বয়ের গুরুত্বে নিয়ে শক্তিশালী বার্তা দেবে। সম্মেলনটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি এতে অর্থ যোগান বন্ধ করার ব্যাপারে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৫ সালের শেষ দিকে সৌদি আরব ৪০টি মুসলিম দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এসব দেশের মধ্যে তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও মিসরও রয়েছে। তবে রবিবারের এই সম্মেলনকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সামরিক জোটের ‘প্রকৃত শুরু’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
এই জোটের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
২০১৪ সালের শেষ দিকে সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী এই সামরিক জোট গঠিত হয়। এই জোটে ৪১টি মুসলিম দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও মিসরসহ বেশ কয়েকটি উপসাগরীয় আরব দেশ।








