ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহী ও সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র সমর্থকদের সংঘর্ষে গত চারদিনে অন্তত ২৩৪জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক রেড ক্রস এ খবর জানিয়েছে।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, হুথি বিদ্রোহীদের হামলায় সোমবার সালেহ’র মৃত্যু হয়েছে। সালেহ সৌদি আরবের অবরোধ তুলে নেওয়া ও আলোচনার আহ্বান জানানোর পর হুথিদের সঙ্গে তার সমর্থকদের সংঘাত শুরু হয়।
আন্তর্জাতিক রেড ক্রস জানায়, চারদিনের সংঘর্ষে এ পর্যন্ত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। গত কয়েক দিনের মধ্যে ভয়াবহ সহিংস অবস্থা বিরাজ করছে সানাতে।
বেসামরিক নাগরিকদের রক্ষায় সংঘাতে লিপ্ত সব পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন ইয়েমেনে রেড ক্রসের মুখপাত্র আদনান হাজাম। তিনি বলেন, নতুন দুর্ভোগ সহ্য করার মতো অবস্থায় নেই ইয়েমেন।
২০১১ সালে তুমুল বিক্ষোভের মুখে তিন দশকের ক্ষমতা ছাড়তে বাধ্য হন সালেহ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে গণভোটের ধাঁচে আয়োজিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসেন উপ প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি। আর তার বিরুদ্ধে জোট গঠন করে সালেহ সমর্থক ও হুথিরা। ২০১৪ সালে রাজধানী সানার দখল নেয় হুথিরা। ২০১৫ সালে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়।








