ইরানের রাজধানী তেহরানে পুলিশ জানিয়েছে, দেশটির ইসলামি পোশাকবিধি লঙ্ঘনের কারণে কোনও নারীকে আর গ্রেফতার করা হবে না। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা তেহরানের পুলিশ প্রধান জেনারেল হুসেইন রাহিমিকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে। পুলিশ প্রধান বলেছেন, যারা ইসলামি পোশাকবিধি মেনে চলবে না তাদের আর গ্রেফতার করা হবে না, তাদের বিরুদ্ধে কোনও মামলাও করা হবে না।
তবে পোশাকবিধি লঙ্ঘনকারীদের পুলিশ পরিচালিত ইসলামি মূল্যবোধের শিক্ষা কার্যক্রমে পাঠানো হবে। এরপরও যদি কেউ বারবার লঙ্ঘন করেন তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির বর্তমান পোশাকবিধি জারি করা হয়েছিল।








