সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে তুরস্কে আশ্রয়ের জন্য ছুটে আসা সিরীয়দের ওপর গুলি করছে তুর্কি সীমান্তরক্ষী বাহিনী। শনিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে।
নিউ ইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ জানায়, ইদলিবে সহিংসতা বেড়ে যাওয়ার কারণে প্রাণ বাঁচাতে অনেক সিরীয় তুরস্কের সীমান্তে জড়ো হচ্ছেন। কিন্তু তুরস্ক সীমান্ত বন্ধ রেখেছে শুধু গুরুতর আহতদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা জোরদার করেছে। একই সঙ্গে তুরস্ক কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের ঘাঁটি সিরিয়ার আফরিনে অভিযান শুরু করেছে তুরস্ক।
এইচআরডব্লিউয়ের মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক লামা ফাকিহ বলেন, নিরাপত্তার জন্য তুরস্কের সীমান্তে ছুটে আসা সিরীয়দের গুলির মুখে ফেরত পাঠানো হচ্ছে।
এই অভিযোগের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র দাবি করেন, তুরস্কের সেনারা এসব মানুষকে সুরক্ষা দিচ্ছে এবং ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তুরস্ক সীমান্ত উন্মুক্ত রাখার নীতি মেনে চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমাদের সেনারা বেসামরিক নাগরিককে গুলি করার কথা না। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা কিনা তা আমি জানি না।
জাতিসংঘের তথ্যমতে, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার সিরীয় গৃহহারা হয়েছে।








