সৌদি আরব ৭০ বছর ধরে বলবৎ রাখা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারত ইসরায়েলে বাণিজ্যিক বিমানের ফ্লাইট পরিচালনায় দেশটির আকাশসীমা ব্যবহার করতে পেরেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘকাল পর প্রথমবারের মতো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে বাণিজ্যিক বিমান ভারতের নয়াদিল্লি থেকে তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ করার প্রেক্ষিতে নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, ঠিক একইভাবে তেল আবিব থেকে ভারতের মুম্বাইতে বিমান চলাচল শুরু করানো যাবে সৌদির আকাশসীমা ব্যবহার করে। এতে যাত্রাকালীন সময় কমিয়ে আনা যাবে। সৌদির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে বিমান আসার ঘটনাকে ‘বিশাল পরিবর্তন’ আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। মিডিলইস্ট আই জানিয়েছে, ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থাও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনায় আগ্রহী।
রবিবার মন্ত্রীপরিষদের সভায় নেতানিয়াহু সৌদি আকাশসীমা ব্যবহার করা প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘আমরা যা করতে পেরেছি তা নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ এবং একই সঙ্গে তা অনেক বড় পরিবর্তনও। পরবর্তীতে আমি যে লক্ষ্যটি অর্জন করতে চাই তা হল, তেল আবিব থেকে মুম্বাইয়ে ফ্লাইট চালু করা, যার সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা।’ সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর, ভারত থেকে প্রতি সপ্তাহে ইসরায়েলে ৩টি এবং ইসরায়েল থেকে ভারতে ৩টি ফ্লাইট পরিচালনা করার কথা ঠিক করেছে এয়ার ইন্ডিয়া। ৭০ বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এয়ার ইন্ডিয়ার ১৩৯ ফ্লাইটটি বৃহস্পতিবার ওমান, সৌদি আরব, জর্ডান ও ফিলিস্তিনের পশ্চিম তীরের ওপর দিয়ে গিয়ে ইসরায়েলের তেল আবিবে অবতরণ করে।
ভারতীয় এয়ার ইন্ডিয়ার বিমান সৌদি আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে যাওয়ার পর, শনিবার আল জাজিরাকে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা এল আল। তারা পরিকল্পনা করেছে, ইসরায়েলের সুপ্রিম কোর্টের কাছে তারা সৌদির আকাশসীমা ব্যবহার করতে না পারার বিষয়ে আর্জি উপস্থাপন করবে। এল আল মুম্বাইতে যে ফ্লাইট পরিচালনা করে সেটি সৌদি আরব ও ইরানের আকাশসীমা এড়িয়ে লোহিত সাগরের ওপর দিয়ে যাতে বাধ্য হয়। এতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইরানের ‘আগ্রাসন’ ঠেকাতে ক্রমেই সুন্নি মুসলমান অধ্যুষিত সৌদি আরব ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কাছাকাছি আসছে।








