ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক প্রধান বলেছেন, ইসরায়েল চূড়ান্তভাবে অসুস্থ হয়ে পড়া একটি দেশে পরিণত হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে অসুস্থতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিশ্বের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটির আরেক সাবেক প্রধান বলেছেন, ফিলিস্তিন- ইসরায়েল সঙ্কট সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির বাস্তবায়ন না করায় ইসরায়েল এখন দুই জাতির রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এতে গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের মৃত্যু হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েডিওথ আহরোনোথকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ৬ গোয়েন্দা প্রধান দাবি করেন, ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি এলাকাগুলোতে ইহুদি ও আরব জনসংখ্যার অনুপাত প্রায় সমান হয়ে গেছে। প্রকাশিত এসব সাক্ষাৎকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু এসব অভিযোগের বিরুদ্ধে কোনও বক্তব্য দেননি। তবে সরকারের একজন মন্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে টুইট করেছেন।
ইসরায়েলের ৬ সাবেক গোয়েন্দা কর্মকর্তা মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, তার নেতৃত্বে ইসরায়েল দুর্বল হয়ে পড়েছে; তিনি দেশটির ভবিষ্যৎ বিপদাপন্ন করছেন। সাক্ষাৎকারে চতুর্থবারের জন্য ক্ষমতায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থাও প্রকাশ করেন তারা। নিয়মিত নেতানিয়াহুর সমালোচনা করা ইসরায়েলি পত্রিকাটির প্রথম পাতায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
’৯০-এর দশকের শেষ দিকে নেতানিয়াহুর প্রথম সরকারের আমলে মোসাদের নেতৃত্বে ছিলেন ড্যানি ইয়াটোম। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ও তার সঙ্গীরা জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইয়াটোম ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের ‘দুই জাতির রাষ্ট্রে’ পরিণত হওয়ার বিষয়ে তার আশঙ্কার কথা জানান। তার মতে, সেরকম হলে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের মৃত্যু হবে।
২০১৪ সাল থেকে থেমে আছে দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের আলোচনা। ইয়াটোম সেদিকে ইঙ্গিত করে বলেন, দুই রাষ্ট্রের প্রস্তাব করা সমাধানটি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে, ইসরায়েলই দুই জাতির রাষ্ট্রে পরিণত হবে। বিশ্লেষকরা বলেছেন, ফিলিস্তিনের অধিকৃত এলাকা ছেড়ে না দিলে ইসরায়েলের সামনে দুটো পথ খোলা থাকবে। এক, ফিলিস্তিনিদের ভোটাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক দেশে হিসেবে থাকা। অন্যটি, ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ফিলিস্তিনিদের ভোটাধিকার কেড়ে নেওয়া।
সোমবার ইসরায়েলি কর্মকর্তারা বলেন, ভূমধ্যসাগর তীরবর্তী গাজা উপত্যকা ও জর্ডান নদীর তীরবর্তী পশ্চিম তীরের অধিকৃত এলাকাগুলোতে ইহুদি ও আরব জনসংখ্যা প্রায় সমান হয়ে গেছে। ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মোসাদ প্রধানের দায়িত্ব পালন করা কর্মকর্তা জামির বলেছেন, ‘আমদের পৌত্র, প্রপৌত্ররা এখানে থাকে। আমরা চাই তারা একটি সুস্থ পরিবেশে থাকুক। কিন্তু ইসরায়েল অসুস্থ হয়ে পড়েছে। আমরা চরমভাবে অসুস্থ হয়ে পড়া একটি দেশে রয়েছি। নেতানিয়াহু ক্ষমতা হতে নেওয়ার সময়েই ইসারেয়েলের অসুস্থ হয়ে পড়ার এই লক্ষণগুলো দেখা যেতে শুরু করেছিল। কিন্তু নেতানিয়াহু দেশটিকে অসুস্থতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন।’
নেতানিয়াহু এর প্রতিবাদে সরাসরি কিছু বলেননি। তবে বর্তমান শিক্ষামন্ত্রী বেনেট টুইটার বার্তায় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘একেবারেই অসত্য।’ নিজেকে নেতানিয়াহুর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে নিয়ে আসা বেনেটের ভাষ্য, ‘ইসরায়েল খুব ভাল অবস্থায় আছে।’
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। পুলিশ সোমবার নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে। দুর্নীতির অভিযোগে দেশটির সবচেয়ে বড় ফোন পরিষেবা প্রতিষ্ঠানের সঙ্গে নেতানিয়াহুর নাম জড়িয়েছে। এর সঙ্গে রয়েছে আরও দুটো অভিযোগ। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।








