ইরাকের যন্ত্রশিল্পী ও কনডাক্টর করিম ওয়াসফি মসুলের ধ্বংসস্তূপে শান্তি ও সহাবস্থান শিরোনামে একটি কনসার্ট আয়োজন করেছেন। ইরাকের সেনাবাহিনী স্বঘোষিত খেলাফতের রাজধানী থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাতের প্রায় একবছর পর এই কনসার্ট আয়োজন করা হলো।
শুক্রবার আয়োজিত এই কনসার্টে অনেক মানুষ উপস্থিতি হয়েছিলেন। কনসার্টের পূর্ণাঙ্গ পোশাক পরে একটি অস্থায়ী মঞ্চে হাজির হন সেলো বাদক ওয়াসফি। কনসার্টটি ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত হয়।
কনসার্টের ভেন্যুটির একপাশে ছিল গুরুত্বপূর্ণ ক্যাথলিক গির্জা আউয়ার লেডি অব দ্য আউয়ার। ঘড়ির টাওয়ার ও ঐতিহাসিক নির্দশন হাদবার অবশিষ্টাংশ। অন্যপাশে ছিল নুরি মসজিদের ধ্বংসস্তূপ।
ওয়াসফির সঙ্গে যোগ দিয়েছিলেন ভায়োলিন ও গিটার বাদকেরা। স্থানীয় একটি ব্যান্ডও যোগ দেয় তাদের সঙ্গে। তিনি বলেন, এই কনসার্টটি মুসল থেকে সারাবিশ্বের প্রতি নিরাপত্তা, শান্তি ও সহাবস্থানের বার্তা।
ইরাক ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ওয়াসফি ইরাকের জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রার সাবেক কনডাক্টর। তাকে ইরাকের রাস্ট্রোপোভিচ নামে ডাকা হয়।
এই সংগীতজ্ঞ বলেন, কনসার্টের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারী ও সংগঠনের প্রতি শহরের পুনর্গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
প্রায় তিন বছর আইএসের দখলে থাকা মসুলে এই কনসার্ট এমন সময়ে আয়োজন করা হলো যখন ইরাকি কর্তৃপক্ষ শহরটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
কায়রোতে জন্ম নেওয়া ওয়াসফি গত তিন বছরে বিভিন্ন সময় সেলো হাতে নিয়েছেন। বাগদাদের কোনও সড়কে যখনই বোমা বিস্ফোরিত হতো সেখানে হাজির হয়ে সেলো বাজাতেন। সূত্র: এএফপি।
পিস নিউজ নেটওয়ার্কের ইউটিউবে চলতি বছর এপ্রিলে হাজির করা হয় ওয়াসফিকে। দেখুন সেই ভিডিও।








