সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী তিনটি সামরিক গোষ্ঠী একত্রিত হয়ে সবচেয়ে বড় সামরিক জোট গড়েছে। বুধবার এই সামরিক ফ্রন্ট গঠন করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই জোটে ১ লাখ শক্তিশালী সেনা রয়েছে যারা সিরিয়ায় মধ্যাঞ্চল হামা ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদবিলে সক্রিয়।
আসাদবিরোধী এক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ফ্রি সিরিয়া আর্মি (এফএসএ)-র উদ্যোগে গঠিত দ্য ন্যাশনাল ফ্রর্ট অব লিবারেশন জোটে যোগ দিয়েছে সিরিয়ান লিবারেশন ফ্রন্ট ও সুকুল আল-শাম ব্রিগেড। এই জোটের লক্ষ্য এফএফএ’র বিচ্ছিন্ন শাখাগুলোকে একত্রিত করা। এই ফ্রন্ট পরিচালিত হবে ফাদলাহ আল-হাজির নেতৃত্বে।
২০১১ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে আসাদ সরকারের অভিযান ও নিপীড়নের মুখে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যা আসাদ ও বিরোধীদের সামরিক সংঘাতে লিপ্ত করে। গৃহযুদ্ধের সময় আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে আসাদের হয়ে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
২০১২ সালে জেনেভায় শান্তি আলোচনা শুরু হয় রাজনৈতিক সমাধানের জন্য। পরে ২০১৭ সালে আস্তানায় অস্ত্রবিরতি আলোচনা হলেও তা কার্যকর হয়নি।








